অসুখ/ অ্যালবার্ট অশোক
প্রতিযোগিতায় আমি যাবোনা। সাধনায় আঁকা ছবি
হেরো পার্টির মত আনাচে কানাচে ঘুরব।
যা আমি দিতে পারিনি তোকে কখনো
কোথাও যদি তুই পাস তা নিয়ে নে
বেঁচে বর্তে থাক। আমার শুভেচ্ছা রইলো।
আমাদের অসুখের শেষ নেই
এই শহরে স্বপ্নেও রোগ সংক্রমিত হচ্ছে।
ভালবাসার মত মারাত্মক রোগ।
চাই টাকা, বাড়িগাড়ি অশেষ নিরাপত্তা।
সুবোধের ছবির অফিস এখন অনেক বড়
কত লোকজন। পড়ন্ত বেলায় তার সাদা দাড়িতে
দুজন রমণীর নিকষ কালো অন্ধকার চাই।
আকাড়া দেওয়ালে ভালুক গা ঘষবে।
অসুখ কিছু নেই তাতে, সুখ আছে।
শিল্পপতিরা মধ্যাহ্নভোজেই বিছানা পাতে
বারীন মিত্তিরের অফিসে আমি কত দেখেছি।
ডেকেছে যখন যাবি, ঘুমুতে বললে ঘুমুবি
তোর দরকার টাকা, ওর দরকার শরীর।
এই অসুখে যারা পড়ে তারা বড়ো সুখী
যারা না পড়ে গল্পে শুনে তারা সত্যি দুখী।
১৩ অক্টোবর
Advertisement