পিছলে পড়ছি মাটি মাখা পায়ে /অ্যালবার্ট অশোক
অনেকগুলি সিঁড়ি।
ঐ উঁচু উঁচু বাড়িগুলিতে অনেক সিঁড়ি থাকে।
আমি সেই সিঁড়ি বাইতে গিয়ে পিছলে পড়ছি
উপরে উঠার ক্ষমতা আমার নেই।
যেই কবিতাটা লিখেছিলাম
অনেক বড় ও লম্বা করে
সম্পাদকেরা বলে দিয়েছে
ওটা কবিতা হয়নি। এত লোকের কথা
কেউ কি কবিতায় লেখে?ওদের প্রশ্ন।
তাই শব্দগুলি ভেঙ্গে দিচ্ছি।
অক্ষরগুলি চুন, সিমেন্ট, সুরকির মত
গুড়ো গুড়ো হয়ে ঝড়ে পড়ছে মাটিতে।
তার সাথে আমিও পিছলে পড়ছি মাটিতে।
এত ঠাটবাট, এত জেল্লা, কুবেরের ছায়া
গাড়ি করে লোকে উপরে উঠে, থাকে
বিলাস করে, মদ-মেয়ের রাস উৎসব করে!
ওরা কী কাজ করে যে উপরে থাকতে পারে?
ওরা কি কখনো কবিতা লেখে?
অনেকদিন চেষ্টা করেছি সিঁড়ি ভাঙ্গতে
আমি শুধু পেরেছি জল কাঁদা মাটি ঘাঁটতে
কাঁদাপায়ে সিঁড়ি ভাংগতে গিয়ে
বার বার পিছলে পড়ছি।
মাটি থেকে বিচ্ছিন্ন হতে পারছিনা
আর তাই উপরে উঠতে পারছিনা।
বার বার পিছলে পড়ছি।
২য় আগস্ট ২০১১